Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলেসহ নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া এলাকায় এবং রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা থানার সামনে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩), ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের জামাতা ও চেয়ারম্যানের মুরগি খামারের কর্মী পলাশ (৩৫) এবং কালিদাসপুর গ্রামের বাসিন্দা হান্নান হোসেন (৪৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রিয়াদ ও পলাশ মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে কেনাকাটা শেষে আলমডাঙ্গায় ফিরছিলেন। নওদাপাড়া এলাকায় পৌঁছানোর সময় পেছন থেকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যান আর গুরুতর আহত পলাশকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপর দুর্ঘটনায় নেশাগ্রস্ত অবস্থায় আলমডাঙ্গা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত পাখিভ্যানে করে উপজেলা পরিষদ গেটের দিকে যাচ্ছিলেন হান্নান হোসেন নামের এক ব্যাক্তি। আলমডাঙ্গা থানার সামনে গতিরোধকের ওপর পাখিভ্যান উঠলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, রিয়াদ ও পলাশের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

হান্নানের মৃত্যু প্রসঙ্গে ওসি বলেন, তিনি মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নেশার কারণে ভ্যান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ