Views Bangladesh Logo

স্যান্ডেল ও পোশাক দেখে পুকুরে নেমে পাওয়া গেল তিন শিশুর মরদেহ

পুকুরপাড়ে স্যান্ডেল ও পোশাক রেখে গোসল করতে নেমেছিল দুই বোনসহ তিন শিশু। কিন্তু দীর্ঘ সময়েও তারা আর বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরপাড়ে গিয়ে স্যান্ডেল ও পোশাক পড়ে থাকতে দেখলেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পানিতে নেমে খোঁজার একপর্যায়ে তিন শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহত তিন শিশু হলো জামদিয়া গ্রামের নিছার আলীর মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০) এবং একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০)। লামিয়া ষষ্ঠ শ্রেণি, সুলতানা চতুর্থ শ্রেণি এবং ফাহিমা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনেরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে লামিয়া, সুলতানা ও ফাহিমা মিলে ফাহিমার দাদা ইকরাম মোল্যার পুকুরে গোসল করতে যায়। পুকুরটি একটি বাগানের মধ্যে অবস্থিত এবং সেখানে তুলনামূলক কম মানুষ গোসল করেন। শিশুরা পুকুরপাড়ে স্যান্ডেল ও গোসলের পর পরার জন্য পোশাক রেখে পানিতে নামে।

লামিয়া ও সুলতানার দাদা আবদুর রউফ বলেন, গোসল করতে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিন শিশু বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁদের খুঁজতে বের হন। পুকুরপাড়ে গিয়ে তিনজোড়া স্যান্ডেল ও পোশাক পড়ে থাকতে দেখা যায়। কিন্তু শিশুদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।

পরে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিন শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। তাঁদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ