২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২১৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ শিশু।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে একই সময়ে ২০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৪১ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জন।
মতামত দিন