নাটোরে বাস-ভুটভুটি সংঘর্ষে প্রাণ গেল তিন গরু ব্যবসায়ীর
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন গরু ব্যবসায়ী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন গরু ব্যবসায়ী হলেন আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান গরু ব্যবসায়ী আব্দুর রহমান।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক গরু ব্যবসায়ী আক্কাস আলী। পরে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে মারা যান আরেক গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহনই উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত দিন