শীতলক্ষ্যায় গোসল করতে নেমে তলিয়ে যাওয়া ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তবে নিখোঁজ আরও এক যুবককে উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া নিহত ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)। অন্যদিকে, এখনও নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়ার বাড়িতে কয়েকজন অতিথি বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে স্বজনদের সঙ্গে তারা বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যেতে থাকলে তাদের বাঁচাতে সৌরভ এগিয়ে যান। কিন্তু নদীর তীব্র স্রোতে তিনিও তলিয়ে যান। স্বজনদের চিৎকারে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে উদ্ধার তৎপরতা শুরু করলেও আলো স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত করা হয়।
পরদিন শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দলের সহায়তায় ফায়ার সার্ভিস পুনরায় উদ্ধার অভিযান কাজ শুরু করে এবং তিনজনের মরদেহ উদ্ধার করে।
সামগ্রিক উদ্ধার অভিযান সম্পর্কে শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, ‘শনিবার সকালে পাশের কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথমে দুইজনের মরদেহ উদ্ধারের পর আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি জানান, নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে।
মতামত দিন