টেকনাফের পাহাড়ে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাসদস্য নিহতের ঘটনার পর ওই পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা ক্যাম্পের পূর্ব পাশের পাহাড়ে তিনটি মরদেহের সন্ধান পায় পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন তাঁরা। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। এ সময় যৌথ বাহিনী ৫৬ জনকে উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সশস্ত্র অপরাধীদের আস্তানা নির্মূলে পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানব পাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। মানববন্ধনের বিষয়েও তাঁরা খোঁজখবর রাখছেন।
তিনি আরও বলেন, সশস্ত্র মানব পাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
মতামত দিন