Views Bangladesh Logo

নাহিদ রানাকে পেতে বিগ ব্যাশের তিন দলের আগ্রহ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে খেলতে পারেননি পেসার নাহিদ রানা। ফলে তাঁকে সামনে থেকে দেখার সুযোগ হয়নি বিগ ব্যাশ লিগের দলগুলোর। তবে এর আগেই তাঁর পারফরম্যান্স দেখে আগ্রহী হয়েছিল দলগুলো। তাই নতুন মৌসুম শুরুর আগে নাহিদ রানাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

নাহিদ রানাকে পেতে আগ্রহ দেখিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডস। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে আগ্রহী নয়। বিগ ব্যাশ লিগের নতুন মৌসুম জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি এবং ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এই চার টেস্টেই পেস বোলিং বিভাগের অন্যতম প্রধান অস্ত্র হতে পারেন নাহিদ রানা। তাই এই পেসারের ওয়ার্কলোড ব্যবস্থাপনার বিষয়েও সতর্ক থাকতে চায় বিসিবি।

এর আগে জিম্বাবুয়ে সফরে তুলনামূলক গুরুত্বহীন একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচেও খেলতে পারেননি তিনি। চোট থেকে সদ্য সেরে ওঠা এই পেসারকে নিয়ে তাই নতুন করে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি।

বিগ ব্যাশ লিগে এখন পর্যন্ত দুজন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন। মেলবোর্ন রেনেগেডসের হয়ে সাকিব আল হাসান এবং হোবার্ট হারিকেনসের হয়ে রিশাদ হোসেন খেলেছেন। নাহিদ রানা এর আগে পাকিস্তান সুপার লিগেও খেলেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ