মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
কর্মস্থলে কনটেইনার খালি করার সময় ভারী কাচের বাক্সে চাপা পড়ে ভারত মহাসাগরের দ্বীপদেশ মরিশাসে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম 'ল্য ডেফি মিডিয়া' ও 'ল্য মরিসিয়েন'-এর খবরে বলা হয়েছে, প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে বিকেল পৌনে ছয়টার দিকে (স্থানীয় সময়) দুর্ঘটনাটি ঘটে। প্রতিষ্ঠানটি অ্যালুমিনিয়াম ফেব্রিকেশনের কাজ করে বলে জানা গেছে।
নিহত তিনজন হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
'ল্য মরিসিয়েন' জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই তিন শ্রমিক একটি কনটেইনার থেকে ৪১টি কাচের পাতভর্তি বাক্স নামাচ্ছিলেন। প্রতিটি পাতের আকার ছয় ফুট বাই আট ফুট। হঠাৎ বাক্সটি উল্টে তাঁদের ওপর পড়লে তিনজনই চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 'ল্য ডেফি মিডিয়া'র প্রতিবেদনে বলা হয়েছে, অসাবধানতাবশত বাক্সটি পড়ে গিয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন। তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোন পরিস্থিতিতে বাক্সটি উল্টে পড়ল, পুলিশ তা খতিয়ে দেখছে। পাশাপাশি মরিশাসের শ্রম মন্ত্রণালয়ও ঘটনার তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
তদন্তে দেখা হবে, কর্মস্থলে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না। ভারী মালামাল ওঠানো-নামানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সঠিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কি না, সেটিও তদন্তের বিষয়। এ ছাড়া শ্রমিকদের এ কাজের উপযুক্ত প্রশিক্ষণ ও তদারকি ছিল কি না, তাও যাচাই করা হবে। অবহেলা বা নিরাপত্তা-নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করা হতে পারে।
মতামত দিন