Views Bangladesh Logo

বাংলাদেশের তিন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে ফুটবল বিশ্বকাপ

বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য স্বস্তির খবর এসেছে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

চুক্তি অনুযায়ী, বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টেলিভিশন এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টসে বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে।

জানা গেছে, তিনটি চ্যানেলের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে।

এর আগে স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশের জন্য বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে স্থানীয়ভাবে সাব-লাইসেন্সিং চুক্তি করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে যায়। ফলে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে পর্যন্ত বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তাবিথ আউয়ালের সমন্বিত উদ্যোগে অচলাবস্থার অবসান হয়। তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম অপারেটর এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করেন।

এছাড়া অতীতের বিশ্বকাপগুলোতে ব্যবহার না করা নতুন ডিজিটাল ও টেলিকমভিত্তিক আয়ের উৎসও বিবেচনায় আনা হয়, যা চুক্তিটিকে আর্থিকভাবে বাস্তবসম্মত করতে সহায়তা করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-কে কোনো আর্থিক ব্যয় বহন করতে হবে না। টুর্নামেন্টের সম্প্রচার ও স্বত্ব ক্রয়ের পুরো ব্যয় যৌথভাবে বহন করবে সংশ্লিষ্ট স্যাটেলাইট টেলিভিশন অংশীদার এবং টেলিকম অপারেটররা।

ফলে দেশের দর্শকরা বিনামূল্যে ও সহজেই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ম্যাচগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ