Views Bangladesh Logo

ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে বাংলাদেশের ৩ সিনেমা

কলকাতার নন্দনে আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের উৎসবের ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—‘জয়া আর শারমিন’ ও ‘মানুষের বাগান’ এবং একটি প্রামাণ্যচিত্র ডকুমেন্টারি বিভাগে প্রদর্শিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি সিনেমার সঙ্গে এই দুটি ছবি সেরা চলচ্চিত্রের জন্য বিমল রায় গোল্ডেন ও সিলভার অ্যাওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ কোভিড-১৯ লকডাউনের সময় একই বাড়িতে আটকে পড়া ভিন্ন আর্থসামাজিক অবস্থানের দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। ছবিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর শারমিন চরিত্রে রয়েছেন মহসিনা আক্তার। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে।

অন্যদিকে, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্পকে একসূত্রে গেঁথেছে। চলতি বছর দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে নতুন করে আলোচনায় আসে। ছবিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, দীপান্বিতা মার্টিন ও জ্যোতিকা জ্যোতিসহ অনেকে।

প্রামাণ্যচিত্র বিভাগে মকবুল চৌধুরী পরিচালিত বাংলাদেশ–যুক্তরাজ্যের যৌথ প্রযোজনার ‘মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ’ নির্বাচিত হয়েছে। ছবিটি হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন ও সিলভার অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ