ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৩ পেসারের বড় লাফ
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর র্যাঙ্কিংয়েও পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে পেস বোলাররা। সিরিজজুড়ে দাপট দেখিয়ে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা মিলে নিয়েছেন মোট ১৮ উইকেট।
সর্বশেষ ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম, মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে ৪১তম এবং সিরিজসেরা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়েও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠেছেন। অলরাউন্ডার তালিকায় মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠেছেন।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ম্যাচসেরা অর্ধশতক হাঁকিয়ে তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ব্যাটার র্যাঙ্কিংয়ে ৩৯তম স্থানে উঠেছেন। পারভেজ হোসেন ইমন তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৪০তম এবং অফস্পিনার মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে বোলার তালিকায় যৌথভাবে ১৮তম স্থানে উঠেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে