মানিকগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ষাটোর্ধ্ব এক ভিক্ষুক নারীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে একটি রুপার চেইন ছিনতাইয়ের অভিযোগও উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে দুপুরে দক্ষিণ তেওতা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী ভিক্ষা করার সময় দুই ব্যক্তি তাকে সাহায্যের কথা বলে একটি ইজিবাইকে করে নির্জন এলাকায় নিয়ে যায়। পরে সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং এক পর্যায়ে তাকে ধর্ষণ করা হয়। পরে তার গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়দের সহায়তায় শুক্রবার (৫ জুন) অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা চেইন ক্রয়ের অভিযোগে আরও একজন স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয় এবং চেইনটি উদ্ধার করা হয়।
শিবালয় থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে