Views Bangladesh Logo

ভারতে হঠাৎ হাজারো হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘আন্ডার রিভিউ’, ২৪ ঘণ্টার জন্য বন্ধ সেবা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতে অনেক ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হঠাৎ করে ২৪ ঘণ্টার জন্য ‘রিভিউ’-তে পাঠানো হয়েছে। এর ফলে সাময়িকভাবে বার্তা আদান-প্রদানসহ অ্যাপটির বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারছেন না তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) রাত থেকে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি এ পদক্ষেপ নেয়। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের আগে থেকে কোনো সতর্কবার্তা বা নোটিশ দেওয়া হয়নি। যেসব অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, সেগুলোর পর্দায় একটি বার্তা দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, ব্যবহারকারীর অ্যাকাউন্টের কার্যক্রম এবং ডিভাইস–সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হচ্ছে, যাতে নিশ্চিত হওয়া যায় যে সেবার শর্তাবলি অনুসরণ করা হয়েছে কি না। একই সঙ্গে জানানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে পর্যালোচনার ফল জানানো হবে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে নিয়মিতভাবে বিভিন্ন অ্যাকাউন্ট পর্যালোচনা করা হয়। কোনো অ্যাকাউন্ট সেবার নীতিমালা লঙ্ঘন করলে সেটি সাময়িকভাবে সীমিত বা নিষিদ্ধ করা হতে পারে। তবে কারিগরি ত্রুটির কারণেও কখনো এমন ঘটনা ঘটতে পারে। ভুলবশত কোনো অ্যাকাউন্ট সীমিত হয়ে গেলে দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয় বলেও জানান তিনি।

রিভিউ বার্তার নিচে ব্যবহারকারীদের জন্য ‘অ্যাকাউন্ট–সংক্রান্ত সমস্যা সম্পর্কে জানুন’ নামে একটি অপশন রাখা হয়েছে। সেখানে দায়িত্বশীলভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নির্দেশিকা এবং চুরি হওয়া ফোন বা অ্যাকাউন্ট–সংক্রান্ত সহায়তার তথ্যও রয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ব্যবহারকারী তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, কোনো ব্যাখ্যা ছাড়াই তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আপিল করার পরও শুধু জানানো হয়েছে যে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি পর্যালোচনা করা হবে। তিনি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। আরেক ব্যবহারকারী অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি দাবি করেন, শুধুমাত্র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করেন এবং তার পেশাগত কাজের বড় অংশই এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। তাই দ্রুত অ্যাকাউন্ট পুনরায় সচল করার দাবি জানান তিনি।

এদিকে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি এটি কোনো কারিগরি ত্রুটির ফল হয়ে থাকে, তাহলে হোয়াটসঅ্যাপকে দ্রুত সমস্যার সমাধান করে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে হবে। অন্যথায় বিপুলসংখ্যক ব্যবহারকারীর দৈনন্দিন যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ