মুক্তিযুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, দায় স্বীকার করে জাতির সামনে তাদের ক্ষমা চাইতে হবে: মন্ত্রী
১৯৭১ সালে যাদের ভূমিকা বিতর্কিত ছিল, তাদের সেই দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান।
শনিবার (১১ জুলাই) রাজধানীর রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের অতীতের ভূমিকার দায় অকপটে স্বীকার করতে হবে। তারা ক্ষমা না চাইলে মুক্তিযোদ্ধা ও জাতির জন্য বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেওয়া কঠিন হবে। একই সঙ্গে তাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও গণতন্ত্রের আদর্শ ধারণ করতে হবে।
আহমদ আযম খান বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় তৎকালীন মেজর জিয়াউর রহমান দুটি প্রস্তাব দিয়েছিলেন। একটি ছিল স্বাধীনতার যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ রাখা এবং অন্যটি ছিল জেনারেল এম এ জি ওসমানীকে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব। ওই ঐতিহাসিক সভার স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেখানে নামফলক স্থাপনের কাজ চলছে।
পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় যারা দায়িত্ব পালন করছেন, তাদের অবদানও রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজ করবে। তিনি বলেন, সম্মানই সবচেয়ে বড় বিষয়, অর্থ নয়।
মতামত দিন