'এটা ভারত, বাংলাদেশ নয়', কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রীকে র্যাগিং
বাংলা বলার 'অপরাধে' দুই ছাত্রীকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে পশ্চিমবঙ্গের বালিগঞ্জে অবস্থিত হিরণ্ময়ী হোস্টেলে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তারা এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অ্যান্টি-র্যাগিং সেল ও রাজভবনের কাছে ইমেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে তারা বলেন, আমরা যখন আমাদের রুমে বসে নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিলাম, তখন হঠাৎ কয়েকজন সিনিয়র ছাত্র প্রবেশ করে আমাদের গালিগালাজ করতে শুরু করে। আমাদের বলা হয়, ‘এটা ভারত, বাংলাদেশ নয়’ হিন্দি শেখো, না হলে যদি এই জায়গার বাইরে কোথাও যাও, তাহলে লাঠি দিয়ে পিটিয়ে বের করে দেব।
তাদের ভাষ্য অনুযায়ী, কৃষিবিজ্ঞানের একজন পিএইচডি ছাত্রের নেতৃত্বে বেশ কয়েকজন সিনিয়র তাদের ঘরে প্রবেশ করে। এরপর কেবল ভাষা নিয়ে নয়, আরও নানা দিক থেকে মানসিক হয়রানি চালানো হয় বলে অভিযোগ করেন তারা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার পর থেকেই হোস্টেলের অন্যান্য ছাত্রীরা আতঙ্কিত। শিক্ষাঙ্গনে ভাষাগত বৈষম্যের এমন অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মতামত দিন