এ নির্বাচন ‘স্মরণীয়’ হয়ে থাকবে, মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার। বৈঠকে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশদ পর্যালোচনা করা হয়। উপদেষ্টা পরিষদ মনে করছে, এটি একটি ‘স্মরণীয় নির্বাচন’ হিসেবে ইতিহাসে থাকবে।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘ক্যাবিনেট অবজার্ভ করে যেটি প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন, ইতিহাসে এটি একটি সেরা নির্বাচন হবে—এবং সেটাই হয়েছে। এটি একটি স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে।’ তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্যও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, দলটি এ ঘোষণা আগেই দিয়েছে। আগামী মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছেন। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়া তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন, অর্থাৎ বিএনপি ও তার মিত্ররা মোট ২১২ আসনে জিতেছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। ফলে জামায়াতে ইসলামী ও তার মিত্ররা মোট ৭৭ আসনে জিতেছে। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে