Views Bangladesh Logo

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী

প্রচারণার শেষ পর্যায়ে এসে রংপুর–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মানবাধিকারকর্মী আনোয়ারা ইসলাম রানী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার রাতে রংপুর নগরীর নূরপুর এলাকায় ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তবে তিনি কোনো প্রার্থীকে সমর্থন দেননি।

সংবাদ সম্মেলনে রানী বলেন, হিজড়া জনগোষ্ঠীসহ সকল সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতির দাবিতেই তিনি রংপুর–৩ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি ভোটারদের উদ্দেশে হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তার এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; এটি একটি নীতিগত ও আন্দোলনধর্মী অবস্থান।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে যেন কোথাও উত্তেজনা বা সংঘাতের সৃষ্টি না হয়, সে জন্য সকল রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক এবং তার নির্বাচনী কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান তিনি। রানী বলেন, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতিতে তিনি বিশ্বাস করেন।

কারো সঙ্গে আপোষ বা ‘বিক্রি’ না হয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো বিদায় নয়; বরং বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ়, নীতিগত ও শান্তিপূর্ণ অবস্থান।

তিনি আরও বলেন, তার এই দাবির পক্ষে সংহতি জানালে হিজড়া জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায় সম্ভব হবে।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তবতা তুলে ধরে আনোয়ারা ইসলাম রানী বলেন, সময় বদলালেও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে তাদের মৌলিক অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত থেকে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়, কিন্তু আমরা পিছিয়ে পড়া নই—আমরা পিছিয়ে রাখা।’

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠী সমাজের বোঝা হয়ে থাকতে চায় না; তারা মূলধারায় মর্যাদাপূর্ণ অংশগ্রহণ চায়।

রানী জানান, দীর্ঘদিন ধরে সরকার ও নীতিনির্ধারকদের কাছে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ পথরেখা প্রণয়নের আগেই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অ্যাফারমেটিভ অ্যাকশন কার্যকর করার দাবি জানানো হচ্ছে। তিনি বলেন, অ্যাফারমেটিভ অ্যাকশন হলো এমন রাষ্ট্রীয় উদ্যোগ, যার মাধ্যমে দীর্ঘদিন পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে নির্দিষ্ট সময়ের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। নারীদের ক্ষেত্রেও একসময় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সালে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল ১৫টি, যা পর্যায়ক্রমে বেড়ে বর্তমানে ৫০টিতে দাঁড়িয়েছে। এর সুফলে নারীরা রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ এসব সংরক্ষিত আসনের একটিও হিজড়া বা অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ নেই।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’র সভাপতি এবং সামাজিক উদ্যোগ ‘রূপান্তর’-এর উদ্যোক্তা। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আলোচনায় আসেন। ওই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ৮১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হলেও, ঈগল প্রতীক নিয়ে ২৩ হাজার ভোট পেয়ে রানী ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।

রংপুর সদর উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর–৩ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৯টি। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৭০ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ