মিটার চুরির পর বিকাশ নম্বর রেখে গেল চোর, টাকা দিলেই ফেরত!
কুষ্টিয়ার মিরপুরে একই রাতে সংঘবদ্ধ চোরচক্রের অভিনব কৌশলে একযোগে ৮টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। আরও বিস্ময়কর বিষয় হলো, মিটারগুলো খুলে নেওয়ার পর ঘটনাস্থলে একটি করে বিকাশ নম্বর লিখে রেখে যায় চোরেরা। সেখানে উল্লেখ করা হয়, ওই নম্বরে টাকা পাঠালে চুরি হওয়া মিটার ফেরত দেওয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মিরপুর পৌরসভার টিএনটি সড়ক, জিয়া সড়ক ও থানা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি হওয়া মিটারগুলোর মধ্যে টিএনটি রোডের মন্ডল রাইস মিলের দুটি, সত্যেন রাইস মিলের দুটি, শুকুর রাইস মিলের একটি থ্রি-ফেজ বাণিজ্যিক মিটারসহ মোট ৮টি মিটার রয়েছে।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র একে একে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো খুলে নিয়ে যায়। পরে প্রতিটি স্থানে একটি করে বিকাশ নম্বর লিখে রেখে যায়, যাতে টাকা পাঠালে মিটারের অবস্থান জানিয়ে দেওয়া হবে।
শনিবার সকালে মিল চালু করতে গিয়ে মালিক ও শ্রমিকরা মিটার চুরির বিষয়টি জানতে পারেন। মিটার না থাকায় সংশ্লিষ্ট মিলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। চুরি হওয়া মিটার উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল ইসলাম জানান, চোরচক্র বিকাশ নম্বর দিয়ে মুক্তিপণসদৃশ অর্থ দাবি করেছে। এর মধ্যে একজন গ্রাহক ৬ হাজার টাকা বিকাশ করার পর চুরি হওয়া মিটারের অবস্থান জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন