চিৎকার না করলে ধর্ষণের চেষ্টা করা হতো: ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিলেন ফারিন
জামালপুরে যাত্রাপথে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার ওপর ধর্ষণসহ বড় ধরনের সহিংসতার চেষ্টা হতে পারত।
শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার বর্ণনা দেন।
ফারিন জানান, গত ১৩ মে ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে জামালপুর যাওয়ার পথে তিনি একটি পেট্রোল পাম্পে বিশ্রামাগারে যান। সেখানে প্রবেশ করার কিছুক্ষণ পরই তিনি টের পান, কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। পরে ঘুরে তাকিয়ে দেখেন, ভেন্টিলেটর দিয়ে দুটি হাত তার ঘাড়ের কাছাকাছি আসছে।
তিনি লিখেছেন, সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে বাইরে বের হয়ে আসেন। তার ভাষায়, ‘সময়মতো চিৎকার না করলে আমাকে হত্যা, লুটপাট এমনকি ধর্ষণের চেষ্টাও করা হতে পারত।’
ঘটনার পর তার গাড়িচালক শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করেন, তবে সে পালিয়ে যায়। পরে চালক জানান, তিনি ঘটনাস্থলের আশেপাশে ডিমের খোসা নিয়ে একজনকে ঘোরাফেরা করতে দেখেছিলেন, যাকে প্রথমে সন্দেহজনক মনে হয়নি।
অভিনেত্রী আরও জানান, ঘটনার পর তিনি মানসিকভাবে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হন, যদিও বাইরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলেন। পরের দিন তিনি শুটিং ইউনিটের সদস্যদের বিষয়টি জানান।
তিনি বলেন, দেশের বাইরে কাজ করা নারীদের প্রায়ই বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতা ও হয়রানির মুখোমুখি হতে হয়।
নারীদের পোশাক ও আচরণ নিয়ে দোষারোপের সংস্কৃতির কথা উল্লেখ করে ফারিন বলেন, বিচার ও শাস্তির অভাবে এমন অপরাধ আরও বেড়ে যাচ্ছে।
ফারিন আরও বলেন, বাংলাদেশে নারীরা এখনো পুরোপুরি নিরাপদ নন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে