তারাবি-সেহরিতে বিদ্যুতের সংকট হবে না: প্রধানমন্ত্রী
তারাবি ও সেহরির সময়ে বিদ্যুতের সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে বিতরণ করার কথা জানান তিনি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, ‘আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুতের সমস্যা হবে না। বরং বিদ্যুৎ সাশ্রয়ের যদি প্রয়োজন হয়, দিনের কোনো এক সময় যখন চাহিদা কম থাকে তখন দুই-তিন ঘণ্টা যদি লোডশেডিং করা যায় তাহলে বিদ্যুতে সংকট হবে না। বিশেষ করে তারাবি ও সেহরির সময়ে সংকট হবে না। আমাদের চেষ্টা সেইভাবে থাকবে।’
তিনি আরও বলেন ‘আমরা অনেক অর্থ ব্যয় করে বিদ্যুৎ উৎপাদন করি। ভর্তুকি অর্থে তা বিতরণ করি। এখন বিশ্বব্যাপী তেল, এলএনজি ও পরিবহনসহ সবকিছুর মূল্য বেড়ে গেছে। তারপরও আমাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা রয়েছে।’
এক সময় দেশে ১০-১২ ঘণ্টা লোডশেডিং থাকলেও এখন সেই অবস্থা নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তবে আমার মনে হয় মাঝে মাঝে (লোডশেডিং) থাকা ভালো। তা না হলে মানুষ অতীতকে ভুলে যাবে। অন্তত উপলব্ধি করবে কোথায় ছিলাম, আর কোথায় আছি।’
গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপণ্যের মূল্যের বিরুদ্ধে গুজব সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সকলকে অনুরোধ করব-গুজবে কান দেবেন না। সকলে সচেতন থাকলে আর গুজবে কান না দিলে গুজব ছড়িয়ে কেউ সমস্যা তৈরি করতে পারবে না।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে