Views Bangladesh Logo

ইজতেমায় হামলার বিষয়টি গুজব, আতঙ্কের কিছু নেই: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, ‘আপনারা হয়তো লক্ষ্য করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চলছে যে ইজতেমা ময়দানে হামলার আশঙ্কা রয়েছে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না, বিষয়টি নিয়ে কাজ করছি। তবে এটি হতে পারে ধর্মপ্রাণ মুসল্লিদের ভয় দেখানোর কৌশল, যাতে মানুষ এখানে না আসে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আতঙ্কের কিছু নেই।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা পুরো এলাকা দেখভাল করেছি, নিশ্চিত করে বলতে পারি— মাঠে কোনো বোমা নেই। তবে একেবারে আশঙ্কামুক্ত বলা যায় না। সে জন্য আমরা চেকপোস্ট স্থাপন করেছি। হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, কিন্তু আমি মনে করি না এটি বিশ্বাসযোগ্য কোনো সূত্র। তবুও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং এটিকে বড় কোনো হুমকি মনে করছি না।’

কমিশনার আরও বলেন, ‘দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। কিছু দুর্বৃত্ত ইজতেমা ময়দানে আশ্রয় নিতে পারে বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সে বিষয়েও আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। আমরা ইজতেমার মুরুব্বিদের বলে দিয়েছি, যদি কোনো সন্দেহজনক ব্যক্তি দেখেন, সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ হলো ইজতেমা। মুসল্লিরা এখানে সমবেত হয়েছেন, বিশেষ করে আজ জুমার দিন এবং শবে বরাতের রাত। এ কারণে বিপুলসংখ্যক মানুষ আসবেন, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ সতর্ক রয়েছে।’

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, মাঠের ভেতরে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা চাই রাস্তাগুলো খালি রাখা হোক, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে পারি। ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে। সবাই একসঙ্গে কাজ করতে চাই। ধর্মপ্রাণ মুসলমানরা এখানে ইবাদত করতে এসেছেন। আজ শবে বরাত, তারা দেশ ও জাতির জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে কাজ করব, যাতে তারা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ