অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি
ফরিদপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িটির বিদ্যুৎ সংযোগের মূল লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান।
ফজলুর রহমান বাবুর বাড়িটি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায়। বাড়িটির নাম ‘কামরাঙ্গা’।
ফজলুর রহমান বাবু জানান, সোমবার রাতে ফরিদপুরের বাড়িতে গিয়ে তিনি বিদ্যুৎ না থাকার বিষয়টি দেখতে পান। পরে বাইরে গিয়ে দেখেন, বিদ্যুতের মূল লাইনের তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। এরপর বাড়ির ছাদে গিয়ে দেখতে পান, এসির তারও নেই। এ ছাড়া বাড়ির বাইরে রাখা আরও কিছু মালামালও চুরি হয়েছে।
বিষয়টি জানার পরপরই পুলিশকে খবর দেওয়া হয় বলে জানান তিনি।
ফজলুর রহমান বাবু পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় থাকেন। মাসে এক-দুবার ফরিদপুরের বাড়িতে যান। সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে তিনি বাড়িতে গিয়ে দুই দিন অবস্থান করে ঢাকায় ফিরে আসেন।
তিনি বলেন, ‘এটি আমার জন্মস্থান। তাই মাঝেমধ্যেই এখানে ছুটে আসি। আগে এখানে নিশ্চিন্তে থাকা যেত। কিন্তু সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
চুরির ঘটনায় স্থানীয় মাদকসেবীদের দায়ী করে অভিনেতা বলেন, তাঁর বাড়ির আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। মাদক কেনার টাকা জোগাড় করতে স্থানীয় মাদকসেবীদের একটি অংশ বিভিন্ন বাড়িতে চুরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহামুদুল হাসান বলেন, ফজলুর রহমান বাবু বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় জিডি করেছেন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।
মতামত দিন