Views Bangladesh Logo

সিসিটিভি ফুটেজে আইফোন হাতে অপ্রতিমকে যে কিশোরের সঙ্গে দেখা গেল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে নিখোঁজ হওয়ার আগে একটি কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত ৪৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে দেখা যায়।

ফুটেজে দেখা যায়, অপ্রতিম তার মায়ের আইফোন হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে একটি মুদি দোকানের সামনে যায়। কিছুক্ষণ পর সেখানে ক্যাপ পরা এক কিশোর আসে। এরপর দুজনকে একসঙ্গে ওই স্থান থেকে চলে যেতে দেখা যায়। তারা এরপর কোথায় গিয়েছিল, তা ফুটেজে স্পষ্ট নয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে কোটবাড়ী ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছিল। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ফুটেজ পর্যালোচনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমকে ওই কিশোরের সঙ্গে দেখতে পায়। কিশোরটির বয়স অপ্রতিমের চেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে এবং তার মাথায় ক্যাপ ছিল।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে অপ্রতিম অটোরিকশায় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে তাকে একটি ছেলের সঙ্গে হাত মেলাতে ও কথা বলতে দেখা যায়।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই কিশোরকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর শনিবার দুপুরে কোটবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ