‘দ্য সোপ্রানোস’-খ্যাত মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
জনপ্রিয় টেলিভিশন সিরিজ দ্য সোপ্রানোস-এ সালভাতোর ‘বিগ পুসি’ বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
শনিবার অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের ব্যবস্থাপক বব ম্যাকগোয়ান। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানান, দ্য সোপ্রানোস-এর আরেক অভিনেতা ভিনসেন্ট কুরাতোলার কাছ থেকে তিনি প্রথম পাস্তোরের মৃত্যুর খবর পান।
ম্যাকগোয়ানের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে পাস্তোরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরে নিউইয়র্কের সিটি আইল্যান্ডে নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি নতুন কাজের বিষয়ে আলোচনা করতে পাস্তোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তবে এর মধ্যেই তার মৃত্যুর সংবাদ পান।
দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে ম্যাকগোয়ান বলেন, ভিনসেন্ট পাস্তোর ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত শিল্পীদের একজন। তিনি নিয়মিত বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দিতেন এবং মানুষের প্রয়োজনে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।
অন্যদিকে, দ্য সোপ্রানোস-এ অভিনয়ের আগেও তিন দশকের বেশি সময় ধরে পাস্তোরের প্রতিনিধিত্ব করা রবার্ট অ্যাটারম্যান এক শোকবার্তায় বলেন, ‘বিগ পুসি’ চরিত্রের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত হলেও তার অভিনয়জীবন ছিল অনেক বেশি বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। চলচ্চিত্র ও টেলিভিশনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজস্ব একটি শক্ত অবস্থান তৈরি করেছিলেন।
মাফিয়া ও অপরাধজগতের চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ খ্যাতি অর্জন করা ভিনসেন্ট পাস্তোরের মৃত্যুতে মার্কিন বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।
মতামত দিন