বিশ্বকাপে যে প্রতিপক্ষকে ‘ভয়’ পান মেসিও!
বিশ্বকাপ শুরু হতে আর চার মাসেরও কম সময় বাকি। শিরোপাধারী আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে। তবে চূড়ান্ত প্রস্তুতির মাঝেই দলনেতা লিওনেল মেসি জানালেন—একটি দলকে তিনি শুরুতেই এড়িয়ে যেতে চান। সেই দলটির নাম ‘মেক্সিকো’।
সম্প্রতি সাবেক আর্জেন্টাইন সতীর্থ ও টাইগ্রেস গোলরক্ষক নাহুয়েল গুজমানের পডকাস্টে কথা বলতে গিয়ে ৩৮ বছর বয়সী মেসি ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয়ের স্মৃতিচারণ করেন।
তিনি স্বীকার করেন, সেই ম্যাচে হারের অর্থ ছিল আগেভাগেই বিদায়—এ কারণে আর্জেন্টিনা দল চাপে ছিল।
মেসি বলেন, সত্যি বলতে আমরা ভয় নিয়েই ম্যাচে নেমেছিলাম।
ঐতিহাসিকভাবে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময় কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন তিনি। বল দখল, খেলার নিয়ন্ত্রণ ও কৌশলগত শৃঙ্খলার কারণে মেক্সিকো শক্তিশালী দলগুলোকেও চ্যালেঞ্জ জানাতে পারে বলে মন্তব্য করেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক সুবিধা থাকায় মেক্সিকোর বিপক্ষে খেলা আরও কঠিন হবে বলেও মনে করেন মেসি। তার ভাষায়, ‘ঘরের মাঠে খেলা সবসময়ই প্রভাব ফেলে—ভালো বা খারাপ যেকোনোভাবেই হোক।’
তাই টুর্নামেন্টের শুরুর দিকে মেক্সিকোর মুখোমুখি না হওয়ার আশাবাদ ব্যক্ত করেন লিওনেল মেসি।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে—অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের সঙ্গে। অন্যদিকে মেক্সিকো খেলবে গ্রুপ ‘এ’-তে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে