Views Bangladesh Logo

ইতিহাসে সবচেয়ে আনন্দঘন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিষয়টি দলটির ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান, ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার সাইফ উদ্দীন খালেদ, ব্যারিস্টার ফখরুল ইসলাম ও মিয়া মো. তরুণ উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতি তার সব সন্তানকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনগণ বাড়িতে গিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়েছে।

তিনি আরও বলেন, এবারের ভোটে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে গণভোটও হচ্ছে। নতুন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য এবং কল্যাণকর রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়া অপরিহার্য। আমাদের দৃঢ় বিশ্বাস, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জনগণ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ