গত কয়েক দিন আমার হৃদয় ভেঙে দিয়েছে: আলিয়া ভাট
ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনা তার হৃদয় ভেঙে দিয়েছে, আবার নতুন আশাও জাগিয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলিয়া লেখেন, গত কয়েক দিন আমার হৃদয় ভেঙে দিয়েছে, আবার বারবার আশাও জাগিয়েছে। নিজের অবস্থানে অটল থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষকে প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।
আন্দোলনকে অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের সাহস আমাকে বিনম্র করে। তাদের দৃঢ়তা আমাদের সবার সামনে একটি আয়না তুলে ধরে, যা আমাদের প্রশ্ন করে—আমরা কি সত্যিই সেই মানুষগুলোর কথা শুনছি, যারা আগামী দিনে এই দেশকে উত্তরাধিকারসূত্রে পাবে এবং গড়ে তুলবে?
পোস্টের শেষাংশে আলিয়া লেখেন, শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের।
এদিকে, দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে বৃহস্পতিবার গভীর রাতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই, অভিনেতা-প্রযোজক সাকিব সেলিম। অন্যদিকে মুম্বাইয়ে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নেন অভিনেতা ইমরান খান।
এর আগে বলিউড তারকা সালমান খানও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
মতামত দিন