‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস’
মঙ্গলবার বিশ্বকাপের ম্যাচে আফগানদের দেওয়া ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে বসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে টেনে তুলেন গ্লেন ম্যাক্সওয়েল। মারকুটে এই ব্যাটার খেলেছেন হার না মানা ২০১ রানের ইনিংস, এর মধ্যে ১৭৯ রানই করেছেন প্যাট কামিন্সের সঙ্গে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটিতে।
এমন অতিমানবীয় ইনিংস খেলার পথে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন ম্যাক্সওয়েল। ২৪ ও ৩৩ রানে পেয়েছেন ‘জীবন’। ২৭ রানের মাথায় আম্পায়ার তাকে আউটও দিয়েছিলেন, তবে রিভিউ নিয়ে শেষ রক্ষা হয়েছে। মুজিবুর রহমানের কাছে ‘জীবন’ পাওয়ার পর আফগান বোলাররা কিংবা ক্র্যাম্প-ইস্যু কোনো কিছুই আর ম্যাক্সওয়েলকে থামাতে পারেনি।
রান তাড়ার এক পর্যায়ে ম্যাক্সওয়েল হাটতে পর্যন্ত পারছিলেন না, তখনও জয়ের জন্য প্রায় ১০০ রান প্রয়োজন ছিল। রান তোলার জন্য তখন তিনি বেছে নিয়েছিলেন চার আর ছক্কাকে। শেষ পর্যন্ত ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই যোদ্ধা। তার এই ইনিংসটি হার মানিয়েছে চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তার করা ৪০ বলে সেঞ্চুরির ইনিংসটিকেও। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ডাবল সেঞ্চুরি করার প্রথম নজির এটিই। এছাড়া ওপেনারদের বাইরে ডাবল শতক হাঁকানো প্রথম ব্যাটারও ম্যাক্সি।
ম্যাক্সওয়েলের ইনিংস তোলপাড়া ফেলে দিয়েছে ক্রিকেট বিশ্বে, মুগ্ধ করেছে ক্রিকেটের কিংবদন্তিদের। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত শচীন টেন্ডুলকার তো এটিকে তার দেখা সেরা ওয়ানডে ইনিংসের স্বীকৃতিই দিয়ে দিয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর পরই এক্সে (টুইটার) তিনি লিখেন, “ম্যাক্স প্রেসার থেকে ম্যাক্স পারফরম্যান্স। এটা আমার জীবনে দেখা সেরা ওয়ানডে ইনিংস।”
কিংবদন্তি অজি উইকেট-রক্ষক ব্যাটার অ্যাাডাম গিলক্রিস্ট লিখেছেন, “পরিস্কারভাবে সেরা ওয়ানডে ইনিংস।” সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান বলেন, “সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস”
ম্যাক্সওয়েলের প্রশংসায় পঞ্চমুখ চিরপ্রতিন্দ্বন্দ্বীরাও। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন টুইট করেছেন, “সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। এটিকে সর্বকালের সেরা ইনিংসও বলা যায়।” পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, “খুব সহজেই বলা যায়, সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা ওয়ানডে ইনিংস এটি।” সাবেক ভারতীয় ব্যাটার, অন্যতম সেরা ফিল্ডার হিসেবেও যিনি পরিচিত, সেই মোহাম্মদ কাইফ জানান, “এটি সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস।”
ম্যাক্সওয়েলের অধিনায়ক, যার সঙ্গে তিনি ২০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন, সেই কামিন্সও দিয়েছেন নিজের মতামত। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমি মনে করি, এটি হচ্ছে সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে