বাথরুম থেকে উদ্ধার অভিনেতা টাইলার ডাকওয়ার্থের মরদেহ
এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’–এর দুইবারের বিজয়ী টাইলার ডাকওয়ার্থ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় একটি বাসার বাথরুম থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দুপুরে টাইলারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে অন্য কেউ উপস্থিত না থাকায় এটিকে ‘অনুপস্থিতিতে মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি এবং তদন্ত চলছে।
মৃত্যুর কয়েক দিন আগেও টাইলারকে সহশিল্পীদের সঙ্গে প্রাণবন্ত অবস্থায় দেখা গিয়েছিল। গত ৩১ জুলাই মিনিয়াপোলিসে অনুষ্ঠিত ‘দ্য চ্যালেঞ্জ ম্যানিয়া’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ২ আগস্ট ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্টও করেছিলেন তিনি।
২০০৬ সালে ‘দ্য চ্যালেঞ্জ’–এ অংশ নিয়ে পরিচিতি পান টাইলার ডাকওয়ার্থ। পরে ২০১০ সালের ‘কাটথ্রোট’ ও ২০১১ সালের ‘রাইভালস’ সিজনের শিরোপা জিতে রিয়েলিটি টিভির অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে ‘অল স্টারস ২’–এর মাধ্যমে আবার পর্দায় ফেরেন।
পরবর্তী জীবনে তিনি বিনোদনজগত থেকে সরে এসে নর্থ ডাকোটায় একটি স্থানীয় মিডল স্কুলে শিক্ষকতা করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, সহশিল্পী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন