Views Bangladesh Logo

মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়গন’

অভিনয় থেকে রাজনীতিতে পা রাখা থালাপতি বিজয়ের নতুন সিনেমা ‘জন নায়গন’ আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা।

ছবিটির মুক্তি নিয়ে বেশ কিছুদিন অনিশ্চয়তা ছিল। সেন্সর-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে এটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরে সিনেমাটির এইচডি সংস্করণ অনলাইনে ফাঁস হওয়ার ঘটনাও সামনে আসে। সব বাধা পেরিয়ে অবশেষে মুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত নতুন পোস্টারে পুলিশ কর্মকর্তার পোশাকে দেখা গেছে বিজয়কে। হাতে তলোয়ার নিয়ে তার উপস্থিতি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারের সঙ্গে নির্মাতারা লিখেছেন, “আগুনে পরীক্ষিত, সময়ে গড়া, ইতিহাসের জন্য নির্মিত।”

‘জন নায়গন’ পরিচালনা করেছেন এইচ. বিনোদ। সিনেমাটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি ও সুনীল।

গল্পে বিজয়কে দেখা যাবে ভেট্রি কোন্ডান নামে এক সাবেক পুলিশ কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তির চরিত্রে। একটি কন্যাশিশুকে দত্তক নিয়ে সাহসী ও স্বাধীনচেতা হিসেবে গড়ে তোলেন তিনি। পরে ক্ষমতা ও নিয়ন্ত্রণকেন্দ্রিক এক দুর্নীতিগ্রস্ত শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়েন তার চরিত্র।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর ‘জন নায়গন’কে বিজয়ের সম্ভাব্য শেষ চলচ্চিত্র হিসেবেও দেখা হচ্ছে। ফলে সিনেমাটি তার ভক্তদের কাছে শুধু নতুন একটি ছবি নয়, বরং দীর্ঘ চলচ্চিত্রজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।

২৩ জুলাই মুক্তির পর বক্স অফিসে ‘জন নায়ক’ কেমন সাড়া ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ