Views Bangladesh Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ৯০ দিনের মধ্যে, শিগগিরই তফসিল

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং খুব শিগগিরই ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করে চলতি মাসের মধ্যেই তা প্রকাশের ইঙ্গিত দেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ঠাকুরগাঁও-১ আসনটি গত ২১ আগস্ট শূন্য হয়েছে। আইন অনুযায়ী আসনটি শূন্য হওয়ার পর নির্ধারিত ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে হবে। ভোট গ্রহণের জন্য কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, এই উপনির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থাও চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব প্রস্তুতি শেষ করে অল্প সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের দিন থেকেই সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এদিকে চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে রাজি হননি নির্বাচন কমিশনার। তিনি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত ও রায়ের কপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ