বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসার ফি বাড়াল থাইল্যান্ড
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। নতুন এই ফি চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
বুধবার (৬ আগস্ট) থাইল্যান্ডের রয়্যাল থাই দূতাবাস জানায়, বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বিবৃতিতে দূতাবাস আরও জানায়, যেসব আবেদনকারী আগামী ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে ভিসার ফি পরিশোধ করবেন, তারা পুরোনো ফির আওতায় থাকবেন। তবে ১ সেপ্টেম্বরের পর থেকে সব আবেদনকারীকেই নতুন ফি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি ৩,৬০০ টাকা, ডাবল এন্ট্রি ভিসার ফি ৭,২০০, ট্যুরিস্ট ভিসার ফি ৪,৫০০ টাকা, মাল্টিপল ট্যুরিস্ট ভিসার ফি ২২,৫০০ টাকা এবং এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশপাশি ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা এবং লং-টার্ম রেসিডেন্ট ভিসাগুলোর ফিও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
এ ছাড়াও পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগ্যালাইজেশন ফি নতুনভাবে ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে একটি অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে, যার মাধ্যমে আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে ভিসার ফি পরিশোধ করতে পারবেন।
দূতাবাস থেকে আরও জানানো হয়, ভিসার ফি একবারে এবং সঠিকভাবে পরিশোধ করতে হবে। আংশিক বা ভুল পেমেন্ট গ্রহণযোগ্য হবে না এবং জমা দেওয়া ফির কোনো রিফান্ড হবে না।
এছাড়া ভিসা সংক্রান্ত অন্যান্য সেবার ফি পুনর্বিন্যাসের চিন্তাভাবনা চলছে এবং পরবর্তী সময়ে তা জানানো হবে বলে জানিয়েছে থাই দূতাবাস।
মতামত দিন