বাংলাদেশে যাত্রা শুরু করছে থাইল্যান্ডের কফি চেইন ব্র্যান্ড 'ক্যাফে আমাজন'
থাইল্যান্ডের আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ক্যাফে আমাজন বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। উদ্বোধনের দিন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে দুটি শাখার কার্যক্রম শুরু হবে।
বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে বৃহস্পতিবার দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্ব সকাল ১১টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাগশিপ স্টোরে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে থাইল্যান্ডের দূতাবাসের প্রতিনিধি, পিটিটি সিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করা হবে।
একই দিন বিকেল ৩টায় বসুন্ধরা সিটি শপিং মলে দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সাধারণ দর্শনার্থী ও কফিপ্রেমীদের জন্য থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকবে।
মতামত দিন