Views Bangladesh Logo

সাফের আগে পরীক্ষা, তবে হারের ঝুঁকি নিতে চান না ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাইপলাইন শক্তিশালী করতে সম্ভাব্য সব পথ খোলা রাখছেন প্রধান কোচ থমাস ডুলি। দেশের পাশাপাশি বিদেশে বেড়ে ওঠা সম্ভাবনাময় ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করার চেষ্টা চলছে। তবে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে এমন প্রতিপক্ষ চান না ডুলি, যাদের বিপক্ষে হারের ঝুঁকি বেশি।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ও কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের ম্যাচ দেখতে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডুলি।

জাতীয় দলের ক্যাম্প ও আন্তর্জাতিক ম্যাচের জন্য এখনো চূড়ান্ত স্কোয়াড তৈরি হয়নি জানিয়ে তিনি বলেন, আপাতত প্রায় ৪০ জন খেলোয়াড়কে নিয়ে একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

সাফের প্রস্তুতির জন্য প্রতিপক্ষ বাছাইয়ের বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডুলি। তিনি বলেন, ঘরের মাঠে এমন দলের বিপক্ষে খেলতে চান, যাদের বিপক্ষে বাংলাদেশের জয়ের বাস্তব সুযোগ আছে। বেশি শক্তিশালী দলের বিপক্ষে খেলে হারের ঝুঁকি বাড়াতে চান না তিনি।

নতুন খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেওয়ার বিষয়েও ডুলির দরজা খোলা। শিগগিরই আরও কয়েকজন ফুটবলারকে নিয়ে ট্রায়ালের আয়োজন করা হবে। সেখানে নিজেদের যোগ্যতা ও সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন তারা।

বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি ফুটবলারদেরও নজরে রেখেছেন ডুলি। তবে তাদের জাতীয় দলে আনতে কিছু বাস্তব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিদেশে থাকা অনেক তরুণ এখনো স্কুল বা কলেজে পড়ছেন। ফলে ভিসা ও ছুটির অনুমোদন পাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।

তবুও এসব ফুটবলারকে বাংলাদেশের হয়ে খেলতে রাজি করাতে কাজ করছে জাতীয় দলের ম্যানেজমেন্ট। ডুলির বিশ্বাস, বাংলাদেশ যদি জয়ের ধারায় ফিরতে পারে, তাহলে বিদেশে থাকা খেলোয়াড়রাও দেশের হয়ে খেলার বিষয়ে দ্রুত আগ্রহী হয়ে উঠবেন।

জাতীয় দলের ফিনিশিং ও কাউন্টার অ্যাটাকের সময় ভুল কমানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন ডুলি। ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করে সাফসহ সামনে থাকা টুর্নামেন্টগুলোর জন্য ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গড়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ