Views Bangladesh Logo

সন্ত্রাস, জালিয়াতি, দেশবিরোধী অপপ্রচার বিএনপির রাজনীতির তিন প্রধান উপাদান : পররাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির রাজনীতির তিনটি প্রধান উপাদান; সন্ত্রাস-খুন, জালিয়াতি আর দেশবিরোধী অপপ্রচার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে '১৯৯৪ সালে লালবাগ ৭ হত্যাকান্ড' স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা, মিলাদ ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় ড. হাছান বলেন, 'আসলে বিএনপি-জামাত খুনী চক্র। তারা হত্যার রাজনীতিটাই করে। আজ যারা বিএনপির বড় বড় নেতা মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব সবাই বিএনপি ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর আগে অন্য দল করতো। জিয়াউর রহমান মানুষের লাশের ওপর দাঁড়িয়েই বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সুতরাং সেই হত্যা-খুন সন্ত্রাসের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি যেভাবে আগুনসন্ত্রাস চালিয়েছে, ২৮ অক্টোবর সমাবেশের নামে একজন পুলিশ সদস্যকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ইসরাইলি বাহিনীর অনুকরণে তারা পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ এম্বুলেন্সসহ হাসপাতালের ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে যা দেশের ইতিহাসে ঘটেনি।'

জালিয়াতি করতে গিয়ে বিএনপি মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টাও বানিয়েছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে দেখা গেলো সে ইংরেজি ছাড়া কিছুই বলতে পারে না পরে দেখা গেলো যে 'গড়গড়িয়ে বাংলা কয়'। আপনাদের মনে আছে যে, কংগ্রেসম্যানদের সই জাল করেছিলো বিএনপি এবং ভারতের মন্ত্রী অমিত শাহ'র সাথে কথা হয়েছে বলে একটা ভুয়া অডিও ছেড়েছিল তারা।

মন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপি ভরাডুবি নিশ্চিত বুঝেই অংশ নেয়নি এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অনেক চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। এই নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য সরকারকে বৈধতা না দেওয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লিখেছে। কিন্তু পৃথিবীর সমস্ত রাষ্ট্র নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।

বক্তব্যের শুরুতে মন্ত্রী ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি শহীদ শাহ আলম, হাফিজ উদ্দীন, দেলওয়ার হোসেন, আনসারউল্লা গাজী, আনোয়ার হোসেন আনু, নজরুল ইসলাম ও মোহাম্মদ ইউনুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ১৯৯৪ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রামে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। এটি তারা মেনে নিতে পারে নাই। নির্বাচনের পরের দিন এই হতাযজ্ঞ চালানো হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপরেও অবদমিত হয়নি বরং এই খুনী চক্রকে রুখে দাঁড়িয়েছিলো। সেই বিজয়ের যাত্রাপথ বেয়ে ১৯৯৬ সালে ২১ বছর পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালের ২৩ জুন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ।

দুর্নীতি সূচকে দেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, 'দেশে একটি ভালো নির্বাচন হয়েছে। কিন্তু এটাকে খাটো করার জন্য কিছু একটা বলতে হবে সে জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে না কি দুই ধাপ নেমে গেছে বাংলাদেশ। এখন টিআইবির অভ্যন্তরে কোনো দুর্নীতি আছে কি না সেটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এভাবে একপেশে রিপোর্ট দিয়ে সরকারকে খাটো করা যাবে না।‘

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ