সিলেট সীমান্তে নিখোঁজ বাংলাদেশিকে ঘিরে উত্তেজনা, ভারতীয় কৃষককে বিএসএফের কাছে ফেরত
সিলেটের জকিগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি যুবকের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা এক ভারতীয় কৃষককে উদ্ধার করে পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হস্তান্তর করা ভারতীয় নাগরিকের নাম রঞ্জিত দাস (৬৫)। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিগালীগ্রাম এলাকার বাসিন্দা ডিপজল (২৬) গত সোমবার ভোরে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি আহমদ আলীর ছেলে।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী জানান, স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী, ডিপজল ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ গুলি ছোড়ে। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে বিএসএফ পরবর্তীতে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে।
চেয়ারম্যান আরও জানান, এ ঘটনার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতের কিন্নখাল বিওপির ৩১ নম্বর গেটসংলগ্ন শূন্যরেখায় উপস্থিত হন ভারতীয় কৃষক রঞ্জিত দাস। এ সময় নিখোঁজ যুবকের স্বজন ও ক্ষুব্ধ স্থানীয়রা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, নিখোঁজ যুবক বিএসএফের গুলিতে আহত বা নিহত হয়ে থাকতে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। যুবকের সন্ধান না মেলায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
ভারতীয় কৃষককে সীমান্তে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) উদ্যোগ গ্রহণ করে এবং পরে পতাকা বৈঠকের মাধ্যমে রঞ্জিত দাসকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার জানান, সে সময় তিনি একটি বৈঠকে ব্যস্ত ছিলেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন।
মতামত দিন