Views Bangladesh Logo

ভোট গণনাকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, পাহারায় স্বয়ং মমতা

আগামী ৪ মে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই রাজ্যের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকটি বুথফেরত জরিপে বিজেপির জয়ের ইঙ্গিত আসার পর সতর্ক হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস। ভোট গণনায় কারচুপির আশঙ্কায় বৃহস্পতিবার রাত থেকে সব গণনাকেন্দ্রের স্ট্রংরুমে পাহারা জোরদার করে দলটি। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই চলে যান তার ভবানীপুর আসনের ইভিএম রাখা স্ট্রংরুমে এবং সেখানে টানা চার ঘণ্টা অবস্থান করেন।

মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেন, বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট গণনায় কারচুপির পরিকল্পনা করছে। তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, ৪ মে ভোর পর্যন্ত প্রতিটি স্ট্রংরুম ২৪ ঘণ্টা পাহারায় রাখতে হবে। তার দাবি, গণনার সময় ইভিএম মেশিন বদলে দিয়ে ভোটের ফলাফল পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী ও বিদায়ী মন্ত্রী শশী পাঁজা সিসিটিভি ফুটেজ সামনে রেখে অভিযোগ করেন, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম-সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সিলড স্ট্রংরুমে বহিরাগতদের যাতায়াত দেখা যাচ্ছে। তারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে পাল্টা হাজির হন বিজেপি প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠক। দুই দলের সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এরপর মধ্যরাতে ভবানীপুরের স্ট্রংরুম থেকে বেরিয়ে মমতা সাংবাদিকদের বলেন, নেতাজি ইনডোরসহ বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স খোলা হচ্ছে এবং পোস্টাল ব্যালট এদিক-ওদিক করা হচ্ছে। প্রথমে কেন্দ্রীয় বাহিনী তাকে স্ট্রংরুমে ঢুকতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

রাত প্রায় ১১টায় জরুরি সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল এবং উত্তর কলকাতার জেলা নির্বাচনী কর্মকর্তা স্মিতা পান্ডে জানান, বিধানসভাভিত্তিক পোস্টাল ব্যালট আলাদা করার নিয়মিত ও বিধিসম্মত প্রক্রিয়াই চলছিল। সকাল থেকেই সব রাজনৈতিক দলকে ই-মেইলে বিষয়টি জানানো হয়েছিল বলে তারা দাবি করেন।

মনোজ কুমার বলেন, ইভিএম স্ট্রংরুম সম্পূর্ণ নিরাপদ। ত্রিস্তরীয় নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। কোনো অননুমোদিত ব্যক্তি সেখানে প্রবেশ করেননি এবং সব কার্যক্রম বিধি মেনেই পরিচালিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ