শিশু ধর্ষণে অভিযুক্তকে আটকে রেখে বিক্ষোভ, ঘটনাস্থলেই বিচার করতে চান স্থানীয়রা
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশও ভবনের ভেতরে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকার ‘ইসলামিয়া ভবন’ নামে একটি ভবনে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযুক্তকে ভবনের ভেতরেই আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়। তবে এর আগেই শত শত মানুষ ভবনটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ভবনটি ঘেরাও করে এবং ভাঙচুরেরও চেষ্টা চালায়।
বাকলিয়া থানার উপপরিদর্শক কিশোর মজুমদার বলেন, অভিযুক্তকে আটক করা হলেও বিক্ষুব্ধ জনতার কারণে পুলিশ সদস্যরা ভবন থেকে বের হতে পারছেন না।
তিনি জানান, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হলেও আটক ব্যক্তি পুলিশের হেফাজতে নিরাপদে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম মনির। তিনি পেশায় ডেকোরেটরের কাজ করতেন। স্থানীয়দের একটি অংশ অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছেন এবং ঘটনাস্থলে বিচার দাবি করছেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে