ফের ৯.৮ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। উত্তরের এই হিমাঞ্চলে রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর একই সময়ে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সংবাদমাধ্যমকে বলেন, আজকে ফের তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় তাপমাত্রা এর থেকে আরও কমতে পারে।
তিনি আরও বলেন, ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ।
এদিকে শীতের প্রকোপ বাড়ায় জেলার বিভিন্ন হাসপাতালে সর্দি, জ্বর, ডায়েরিয়া ও নিউমোনিয়ার রোগী বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেই বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা রোগীদেরকে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষার জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে