না ফেরার দেশে টেলিভিশন অঙ্গনের কিংবদন্তি মোস্তাফিজুর রহমান
বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা রাখা স্বনামধন্য ব্যক্তিত্ব ও প্রখ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মারা গেছেন। রোববার (২৬ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যম ব্যক্তিত্ব ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা খ ম হারুন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণালী সময়ের অন্যতম সফল প্রযোজক ও নির্মাতা ছিলেন মোস্তাফিজুর রহমান। তাঁর প্রযোজনায় নির্মিত একাধিক নাটক বাংলা টেলিভিশনের ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ‘সকাল সন্ধ্যা’, ‘এইসব দিনরাত্রি’ এবং ‘শঙ্খনীল কারাগার’সহ তাঁর নির্মিত নাটকগুলো আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
সৃজনশীল নির্মাণশৈলী, নান্দনিক উপস্থাপনা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে তিনি দেশের টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
অবসরের পরও সম্প্রচার খাতের উন্নয়নে সক্রিয় ছিলেন মোস্তাফিজুর রহমান। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ও গাজী টিভি (জিটিভি) প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আধুনিক সম্প্রচারব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর দূরদর্শী চিন্তা দেশের টেলিভিশন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করেছে।
টেলিভিশন অঙ্গনে তাঁর হাত ধরেই উঠে এসেছেন অসংখ্য নির্মাতা, উপস্থাপক ও গণমাধ্যমকর্মী। একজন দক্ষ প্রযোজক ও প্রশাসকের পাশাপাশি তিনি ছিলেন নিবেদিতপ্রাণ সংগঠক, অভিভাবক এবং নতুন প্রজন্মের গণমাধ্যমকর্মীদের অনুপ্রেরণার উৎস। নতুন প্রতিভা খুঁজে বের করা, তাদের কাজের সুযোগ সৃষ্টি এবং পেশাগতভাবে গড়ে তুলতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
মতামত দিন