প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বর্তমান অবস্থা, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান। এরপর ৯টা ৩০ মিনিটে টেলিনর প্রধানের সঙ্গে তার বৈঠক শুরু হয়।
বৈঠকে টেলিনরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোম্পানির চলমান কার্যক্রম এবং বাংলাদেশের টেলিকমিউনিকেশন খাত ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে তাদের আগ্রহের বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ডিজিটাল অবকাঠামো ও ভবিষ্যৎ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে একটি রূপরেখা উপস্থাপন করেন প্রতিনিধি দলটি।
সম্প্রতি টেলিনর গ্রুপের সিইও হিসেবে নিয়োগ পাওয়ার পর বেনেডিক্টে শিলব্রেড ফাসমারের এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে বাংলাদেশে ডিজিটাল সংযোগ সুবিধা আরও জোরদার করার ওপর কোম্পানির অব্যাহত গুরুত্ব প্রতিফলিত হয়েছে।
বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টেলিনর গ্রুপের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে