Views Bangladesh Logo

অ্যাপলের নিষেধাজ্ঞার মুখে টেলিগ্রাম, কয়েক ঘণ্টা পরই ফিরলো অ্যাপ স্টোরে

 VB  Desk

ভিবি ডেস্ক

শিশু নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট পাওয়ার অভিযোগে বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছিল অ্যাপল। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাপটি ফিরিয়ে আনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

অ্যাপল জানায়, তাদের নিয়মিত পর্যালোচনার সময় টেলিগ্রামে শিশু যৌন নিপীড়নের উপকরণসংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করা কনটেন্ট শনাক্ত হয়, যার ভিত্তিতে অ্যাপটি সরিয়ে ফেলা হয়। পরে আপত্তিকর ওই কনটেন্ট সরিয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে টেলিগ্রাম, আর তার পরপরই একই দিনে অ্যাপ স্টোরে অ্যাপটি পুনরায় চালু করে অ্যাপল।

অ্যাপলের এক মুখপাত্র বলেন, ‘পর্যালোচনার সময় আমরা এমন কনটেন্ট পেয়েছি, যা আমাদের শিশু নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার পরই অ্যাপটি আবার ফিরিয়ে আনা হয়েছে।’ একশ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্ল্যাটফর্ম টেলিগ্রাম জানায়, শিশু যৌন নিপীড়নের উপকরণের বিরুদ্ধে তাদের নীতি ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার, আর চলতি বছর এ ধরনের নিয়ম ভঙ্গের কারণে প্রায় তিন লাখ ৩৮ হাজার গ্রুপ ও চ্যানেল বন্ধ করে দিয়েছে তারা।

তবে অ্যাপলের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে টেলিগ্রাম কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তারা বলে, সব বার্তা আদান-প্রদান প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগের প্রত্যাশা রাখে তারা। এ ঘটনার সঙ্গে ২০১৮ সালে অনুরূপ অভিযোগে টেলিগ্রামকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গও নতুন করে সামনে এসেছে।

এদিকে অ্যাপলের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনি। তার মতে, একজন ব্যবহারকারীর অপরাধের দায়ে পুরো একটি প্ল্যাটফর্মকে শাস্তি দেওয়ার এই সিদ্ধান্ত অ্যাপলের কনটেন্ট মডারেশন নীতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে ক্রমেই নিয়ন্ত্রণকারী সংস্থার নজরদারিতে পড়ছে টেলিগ্রাম—যুক্তরাজ্যে এরই মধ্যে তদন্ত চলছে, আর অস্ট্রেলিয়ায় বেআইনি কনটেন্ট পরিচালনার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ