ফ্রান্সে টেলিগ্রামের সিইও পাভেল দুরভ গ্রেপ্তার
মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
এ বিষয়ে রবিবার স্থানীয় সূত্রগুলো জানায়, ৩৯ বছর বয়সী পাভেল তার ব্যক্তিগত বিমান করে আজারবাইজান থেকে ভ্রমণ করছিলেন। তবে এ ভ্রমণকালে তার বিমানটি প্যারিসের বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করে ফ্রান্সের পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, ফ্রান্সের একটি সংস্থা অফমিন, যেটি অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ করে। সংস্থাটি দুরভের বিরুদ্ধে যেসব অভিযোগে এনেছে, তার মধ্যে রয়েছে জালিয়াতি, মাদক পাচার, সাইবার বুলিং সংগঠিত অপরাধ।
এ ছাড়াও এই রাশিয়ান ধনকুবেরের বিরুদ্ধে টেলিগ্রামের ক্ষতিকারক দিক ব্যবহার রোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে তদন্তকারী দলের একজন বলেন, তারা অবাক হন যে পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি ফ্রান্সে প্রবেশ করছিলেন।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুরভকে কনস্যুলার অ্যাকসেস দেয়ার দাবি এবং তার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস।
দূতাবাস বলেছে, ফ্রান্স এখন পর্যন্ত দুরভের বিষয়টি এড়িয়ে চলছে। তবে রুশ কূটনীতিকরা দুরভের আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন।
মতামত দিন