Views Bangladesh Logo

জ্বালানি সংকটে টেলিকম সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, জরুরি সহায়তা দাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) টেলিকম অবকাঠামোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, দীর্ঘস্থায়ী কোনো সংকট দেশজুড়ে টেলিযোগাযোগ সংযোগ বিঘ্নিত করতে পারে এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের টেলিকম কার্যক্রমে জ্বালানি সংকটের প্রভাব দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে বলা হয়, ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ও বৈশ্বিক জ্বালানি সংকটের শুরু থেকেই মোবাইল অপারেটররা সম্ভাব্য বিঘ্ন ঘটার বিষয়ে সরকারকে সতর্ক করে আসছে। সরকার ইতিবাচক সাড়া দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তার নির্দেশ দিলেও মাঠ পর্যায়ে এখনো তার পুরোপুরি প্রতিফলন দেখা যায়নি।

সম্প্রতি ঝড়ের কারণে কিছু এলাকায় গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ পুনরুদ্ধারে সময় দীর্ঘায়িত হচ্ছে। বর্ষাকালেও একই ধরনের প্রবণতা অব্যাহত থাকতে পারে, যা টেলিকম নেটওয়ার্কের কার্যক্রমকে আরও বিঘ্নিত করবে।

এই পরিস্থিতিতে মোবাইল শিল্প সরকারের কাছে একটি সমন্বিত সহায়তা কাঠামো প্রত্যাশা করে। এর আওতায় থাকবে মূল নেটওয়ার্ক স্থাপনা এবং বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) সাইটগুলোর জন্য অগ্রাধিকারভিত্তিক জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ পরিবহনের জন্য আলাদা জ্বালানি বরাদ্দ, গুরুত্বপূর্ণ টেলিকম স্থাপনা এলাকায় লোডশেডিং কমানো এবং ঝড় ও আবহাওয়াজনিত বিঘ্নের পর দ্রুত আরইবির বিদ্যুৎ পুনরুদ্ধার নিশ্চিত করা।

বাংলাদেশের টেলিকম নেটওয়ার্ক অবকাঠামোতে প্রায় ৪৫ হাজার টাওয়ার, একাধিক ডেটা সেন্টার, নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এসব অবকাঠামো দেশের প্রায় শতভাগ ভৌগোলিক এলাকায় সাড়ে ১৮ কোটির বেশি মানুষকে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেয়। এই স্থাপনাগুলো সেবার ধারাবাহিকতা ও নেটওয়ার্কের মান বজায় রাখতে চব্বিশ ঘণ্টা নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল।

বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং ও প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ডিজেল ও পেট্রলচালিত জেনারেটরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাংলাদেশ ঘূর্ণিঝড় ও বন্যার মতো বড় দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় জ্বালানি প্রাপ্যতায় যেকোনো বিঘ্ন নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।

টেলিযোগাযোগ শুধু একটি সেবা নয়, এটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো। জরুরি যোগাযোগ, জননিরাপত্তা, সরকারি সেবা, ডিজিটাল আর্থিক সেবা ও নাগরিকদের দৈনন্দিন সংযোগ নিশ্চিতে এটি অপরিহার্য। নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ব্যর্থ হলে ই-কমার্স, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবা, কর্পোরেট কার্যক্রম এবং অনলাইন রাইড-শেয়ারিংসহ সব ডিজিটাল কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের জন্য নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে পর্যাপ্ত জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে মোবাইল অপারেটররা জরুরি ভিত্তিতে সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ