Views Bangladesh Logo

ঢাকার অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য চায় তেহরান: ইরানি রাষ্ট্রদূত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে ঢাকার পক্ষ থেকে আরও স্পষ্টভাবে ‘আগ্রাসী শক্তির’ নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তেহরান।

ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশ সরকারের সাম্প্রতিক বিবৃতি নিয়ে ইরান হতাশ।

তার ভাষায়, ‘বিবৃতিটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। আমরা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আশা করেছিলাম তারা ইরানের ওপর হামলাকারীদের নিন্দা জানাবে, কিন্তু তা হয়নি—এটি আমাদের জন্য কষ্টদায়ক।’

তিনি আরও বলেন, জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে বাংলাদেশের আরও কঠোর অবস্থান নেওয়ার সুযোগ ছিল।

এ সময় তিনি দাবি করেন, রাশিয়া ও চীনের মতো কিছু দেশ মুসলিমপ্রধান না হলেও এ বিষয়ে নিন্দা জানিয়েছে।

তবে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক কোনো চিঠি পাঠানো হবে কি না—এ প্রশ্নে রাষ্ট্রদূত জানান, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। তবে সুযোগ পেলে তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ