Views Bangladesh Logo

গাইবান্ধায় তিস্তার পানি বাড়ছে, তিন দিনের মধ্যে বন্যার শঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে গাইবান্ধার সব নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী তিন দিনের মধ্যে সুন্দরগঞ্জের তিস্তা অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে জেলার চার উপজেলায় নদীভাঙন বেড়ে ৪৫টি পয়েন্টে পৌঁছেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৪০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানিও বেড়েছে, তবে জেলার কোনো নদী এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।

পাউবোর তথ্য বলছে, গত সপ্তাহজুড়ে নদ-নদীর পানি কমলেও চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে আবার বাড়তে শুরু করেছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়ে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

পানি বাড়া-কমার ধারাবাহিকতায় নদীভাঙনও তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় অন্তত ৪৫টি পয়েন্টে ভাঙন চলছে, যা দুই সপ্তাহ আগে ছিল ২৫টি। সবচেয়ে বেশি ভাঙন হচ্ছে সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায়। এতে বসতভিটা, আবাদি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে এবং নদীতীরবর্তী ও চরাঞ্চলের সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী তিন দিনের মধ্যে সুন্দরগঞ্জের তিস্তা অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

তিনি জানান, বর্তমানে তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর তীরবর্তী ৪৫টি পয়েন্টে ভাঙন রয়েছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৩৪ থেকে ৩৫টি পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। বাকি এলাকাগুলোতেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভাঙনকবলিত এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ