পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার একেবারে কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এবং পানির প্রবল চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট (গেট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা ও ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচে (স্বাভাবিক বিপৎসীমা ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার)। এর আগে সকাল ৬টায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার রের্কড করা হয়।
হঠাৎ নদীর পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগা খড়িবাড়ী, টেপা খড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পূর্ব ছাতনাই এলাকার বাসিন্দা আনারুল ইসলাম বলেন, ‘নদীর পানি হু হু করে বাড়ছে। যেভাবে পানি বাড়ছে, তাতে আর একটু বাড়লেই আমাদের ঘরবাড়ি ও নিচু এলাকাগুলো তলিয়ে যাবে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।’
এ ব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানের ঢল নামা অব্যাহত থাকায় দিনের বেলা পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি রাখছে।
মতামত দিন