Views Bangladesh Logo

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে এবং এলাকাবাসীর মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে রোববার (২৮ জুন) সকাল থেকেই তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে থাকে এবং বিপৎসীমা অতিক্রম করে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার রাত ৯টায় ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ১০ সেন্টিমিটার ওপরে। এর ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে।

পানির উচ্চতা বাড়তে থাকায় হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

এ ব্যাপারে তিস্তা ডালিয়া পয়েন্টের পানির স্তর পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ