বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি পুনরায় বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সাময়িকভাবে পানি কমার পর বৃহস্পতিবার থেকে হঠাৎ এই নদী আবার ফুঁসে ওঠায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে ছিল। তবে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে রাত ৯টায় তা আরও ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। রাত ৯টার রেকর্ড অনুযায়ী, সেখানে পানির উচ্চতা ছিল ৫২.১৮ মিটার, যেখানে ওই পয়েন্টে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২.১৫ মিটার।
কয়েক দিন আগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নদীপাড়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ এই পানি বৃদ্ধিতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের পরিবারগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডালিয়া ব্যারেজ পয়েন্টের ইন-চার্জ নুরুল ইসলাম জানান, উজান থেকে ধেয়ে আসা ঢলের পরিমাণের ওপর নির্ভর করে তিস্তার পানি ওঠা-নামা করছে। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাউবো সতর্কবার্তায় আরও জানিয়েছে, উজানের ক্যাচমেন্ট বা অববাহিকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে পারে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মতামত দিন