Views Bangladesh Logo

চীনের কারিগরি সহায়তায় চলতি অর্থবছরেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদমন্ত্রী

চীনের কারিগরি সহায়তায় ২০২৬-২৭ অর্থবছরেই বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনায় চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে দুই দেশের বিশেষজ্ঞরা প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী উত্তর-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট ও নদী ব্যবস্থাপনার সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা, পদ্মা, যমুনা ও মেঘনাসহ দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নদীভাঙনপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। নদীভাঙনে লাখো মানুষ বাড়িঘর ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। এ সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, দেশের প্রায় এক-তৃতীয়াংশ বা প্রায় ৭ কোটি মানুষের সুবিধার জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে একনেকের অনুমোদন পেয়েছে। পাশাপাশি তিস্তা ও ধরলা অববাহিকার প্রায় ২ কোটি মানুষের উপকারে চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে।

চীন সফরের বিষয়ে মন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির পানিসম্পদ মন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে নদী ব্যবস্থাপনা উন্নয়নে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দিতে চীন সম্মতি দিয়েছে।

ভারত থেকে আসা ৫৭টি অভিন্ন নদীর পানিপ্রবাহের প্রসঙ্গ তুলে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ফারাক্কাসহ বিভিন্ন ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তিস্তা, মাথাভাঙ্গা, ইছামতি ও বড়ালসহ বিভিন্ন নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা ও লবণাক্ততা বাড়ছে।

তিনি জানান, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে জরুরি ভিত্তিতে খাল খনন কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের পানি ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তব্যের শেষ দিকে মন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশের মানুষ নিপীড়নের শিকার হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের পর দেশে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি হয়েছে। অতীতের সেই পরিস্থিতি ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ